আজ ২০ নভেম্বর, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন। ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান। স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মাতা প্রয়াত বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান ও বিএনপি চেয়ারম্যান তিনি। আদর করে মা খালেদা জিয়া তাকে পিনো নামে ডাকতেন।
‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ; ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ’— এই স্লোগানকে বুকে ধারণ করে গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করে দীর্ঘ সাড়ে ১৫ বছরে ক্ষমতা দখলে রাখা শেখ হাসিনার জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয়। ৫ আগস্ট, ২০২৪ সালে দেশ থেকে পালিয়ে তিনি ভারতে অবস্থান নেন।   
বিএনপি নেতারা বলেন, তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের যুক্তরাজ্যে নির্বাসিত থাকতে বাধ্য হন। সেখান থেকে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেন। শেখ হাসিনার চরম নির্যাতনের মুখে কিংকর্তব্যবিমূঢ় জনগণ তাকে ঘিরেই দেশের স্বপ্ন বুনতে থাকে। দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখেন। সেদিন রাজধানী ঢাকায় মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত উক্তি ‘আই হ্যাভ অ্যা ড্রিম’-এর অনুকরণে বিশাল জনস্রোতের মাঝে দাঁড়িয়ে তারেক রহমান বলেন, ‘ভাই-বোনেরা, মার্টিন লুথার কিংয়ের নাম শুনেছেন আপনারা। মার্টিন লুথার কিংয়ের একটি বিখ্যাত ডায়ালগ আছে ‘আই হ্যাভ অ্যা ড্রিম’। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সবার সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে বলতে চাই ‘আই হ্যাভ অ্যা প্ল্যান, ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি (দেশের মানুষের জন্য, দেশের জন্য আমার একটি পরিকল্পনা আছে)। এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য।দেশে আসার কিছু দিনের মধ্যে অর্থাৎ ২০২৫ সালের ৩০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু হলে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তারেক রহমান চেয়ারম্যান নির্বাচিত হন। তার নেতৃত্বে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে। দেশের মানুষ তার নেতৃত্বের ওপর আস্থা রাখায় ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে বিএনপি। তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬ থেকে এমপি নির্বাচিত হন। বাধ্যবাধকতা অনুযায়ী ঢাকা-১৭ আসন নিজের কাছে রেখে অন্যটি ছেড়ে দেন। ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।  গত নয় মাসে তারেক রহমানের সরকার বিভিন্ন খাতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে এবং অগ্রগতি অর্জন করেছে। ব্যাংকিং খাতে ঋণ আদায়ের প্রচেষ্টা জোরদার করা হয়েছে। এর ফলে খেলাপি ঋণের হার ৩৫ দশমিক ৭৩ শতাংশ থেকে কমে ৩২ দশমিক ৭৮ শতাংশে নেমে এসেছে।
পূর্ববর্তী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে নেওয়া বিপুল পরিমাণ ঋণের কারণে অতিরিক্ত পরিশোধের চাপ থাকা সত্ত্বেও সরকার পাঁচ মাসে বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ প্রায় ২ দশমিক ০৪৭৬ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে । রপ্তানি খাতে ঋণ আদায়ের প্রচেষ্টা জোরদার করা হয়েছে। এর ফলে খেলাপি ঋণের হার ৩৫ দশমিক ৭৩ শতাংশ থেকে কমে ৩২ দশমিক ৭৮ শতাংশে নেমে এসেছে।
রপ্তানি খাতে যুক্তরাষ্ট্র ও অপ্রচলিত বাজারগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে রেকর্ড প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। মার্কিন ডলার ও ভারতীয় রুপির বিপরীতে টাকার মানও শক্তিশালী হয়েছে এবং গত সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ স্থানে পৌঁছেছে।
সরকার নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য মাসিক ২ হাজার ৫০০ টাকা সহায়তা প্রদানের লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করেছে। পাশাপাশি কৃষকদের কৃষি উপকরণ, ঋণ ও সরকারি সেবা প্রাপ্তি সহজ করতে ‘কৃষক কার্ড’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের কৃষিঋণ এবং সংশ্লিষ্ট সুদ মওকুফ করা হয়েছে। স্বাস্থ্য খাতে হেলথ কার্ড চালু এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের মতো উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শিক্ষা খাতেও সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। এর মধ্যে রয়েছে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার সুযোগ, প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচি, বিনামূল্যে ওয়াইফাই সুবিধা, শিক্ষাক্রমে নতুন বিষয় অন্তর্ভুক্তি, শিক্ষার্থীদের সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ এবং ক্রীড়া ও উদ্ভাবন প্রতিযোগিতার আয়োজন।
এ ছাড়া এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা পরিশোধে সরকার ২ হাজার কোটি টাকা ছাড় করেছে। ধর্মীয় কল্যাণ খাতে ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ভাতা চালু করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের সেবা ও কল্যাণমূলক সুবিধা বাড়াতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রেও বাংলাদেশ একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সরকারের নিরাপত্তা ব্যবস্থা, বরাদ্দ বৃদ্ধি ও অতিরিক্ত ছুটির ব্যবস্থার ফলে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ যথাক্রমে দুর্গাপূজা ও বুদ্ধপূর্ণিমার মতো প্রধান ধর্মীয় উৎসবগুলো নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছেন। সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার অপ্রয়োজনীয় ব্যয় কমানো, সরকারি যানবাহন কেনার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ, অপ্রয়োজনীয় বিদেশ সফর ও বিদেশে প্রশিক্ষণ কর্মসূচি কমানো এবং আর্থিক শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছে।
প্রধানমন্ত্রীর চলাচলের সময় সীমিত গাড়িবহর ব্যবহার এবং দীর্ঘ সময়ের জন্য সড়ক বন্ধ না রাখার সিদ্ধান্ত সরাসরি জিডিপি বৃদ্ধি বা মূল্যস্ফীতি হ্রাসে ভূমিকা না রাখলেও রাষ্ট্র ও নাগরিকের মধ্যে সম্পর্ক জোরদারে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
এদিকে সংসদীয় গণতন্ত্র ও জবাবদিহিমূলক ব্যবস্থা আবারও গতিশীল হতে শুরু করেছে। সংসদে প্রশ্ন, পাল্টা প্রশ্ন, আলোচনা ও প্রাতিষ্ঠানিক নজরদারির বিষয়গুলো আরও দৃশ্যমান হয়ে উঠছে। প্রথম অধিবেশনেই ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তির উদ্যোগ সংসদীয় ব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক চর্চা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টারই ইঙ্গিত দেয়।
এসব অগ্রগতি রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োগ এবং সরকারি প্রশাসন পরিচালনায় সরকারের দৃষ্টিভঙ্গিতে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত বহন করে। তারেক রহমান এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে প্রত্যেক নাগরিক তার অবিচ্ছেদ্য মৌলিক অধিকার ভোগ করতে পারবেন। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় বৈশ্বিক উষ্ণতা মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে মানবজাতিকে রক্ষা এবং জলবায়ু সহনশীল বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন তিনি। তার স্বপ্নের মধ্যে আরও রয়েছে মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং বাংলাদেশকে বৈশ্বিক মূলধারায় প্রতিষ্ঠিত করা। সামগ্রিকভাবে এসব উদ্যোগ ও প্রত্যাশার মধ্য দিয়ে দায়িত্বশীল নেতৃত্ব, অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক কল্যাণ, গণতান্ত্রিক জবাবদিহি এবং টেকসই জাতীয় উন্নয়নের প্রতি গুরুত্বারোপের প্রতিফলন ঘটেছে।
তারেক রহমান মাত্র ২২ বছর বয়সে ১৯৮৮ সালে বগুড়া গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক জীবন শুরু করেন। যদিও তার আগ থেকেই দলীয় রাজনীতিতে অত্যন্ত সক্রিয় হন তিনি।
পর্যায়ক্রমে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান মা-খালেদা জিয়ার পাশে থেকে সারাদেশে নির্বাচনী প্রচারে অংশ নেন। দলীয় নেতাকর্মীরা জানান, ১৯৯১ থেকে যত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিয়েছে প্রতিটি নির্বাচনে ছিল তারেক রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা। বিগত দিনে প্রতিটি আন্দোলনেও ছিল তার গুরুত্বপূর্ণ অবদান। সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা এখন সর্বমহলে প্রশংসিত হচ্ছে। রাজনীতিবিদ ও দক্ষ সংগঠক এবং দেশপ্রেমিক জাতীয়তাবাদী ঐক্যের প্রতীক ও নেতা হিসেবেও তিনি পরিচিতি লাভ করেন।