মনোমালিন্য ভুলে আওয়ামী লীগ ঠেকাতে রাজপথে একাট্টা হয়েছে বিএনপি। সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে গতকাল বৃহস্পতিবার রাজপথে এমন নজির দেখিয়েছে দলটির নেতাকর্মীরা। মাঠে যেমন দীর্ঘদিনের নিষ্ক্রিয় নেতাকর্মীরা ছিলেন, তেমনি দল থেকে বহিষ্কৃত নেতাদেরও সক্রিয় দেখা গেছে।
নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের সহিংসতা, নৈরাজ্য ও নাশকতা মোকাবিলায় দলের প্রধান তারেক রহমান সবাইকে মাঠে থাকার নির্দেশনা দেন। দেশের বিরাজমান পরিস্থিতিতে গত বুধবার জাতীয় সংসদের অধিবেশন শেষ হওয়ার পরপরই সংসদ সদস্যদের এলাকায় ফিরে যাওয়ার নির্দেশনা দেন তিনি। একইসঙ্গে বিজয়ের মাস ডিসেম্বরকেন্দ্রিক রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার প্রস্তুতি নেওয়ার কথাও বলা হয়। দলীয় প্রধানের ওই বার্তার পরপরই নিজেদের মতভেদ ভুলে সবাই রাজপথে সক্রিয় ভূমিকা রাখেন।
এমনকি গত নির্বাচনের আগে যেসব নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল, তাদের কাউকে কাউকে মাঠে দেখা গেছে। এর মধ্যে বিএনপি থেকে বহিষ্কৃত গত সংসদ নির্বাচনের ঢাকা-১২ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব তাঁর অনুসারীসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে বড় শোডাউন করেছেন। গতকাল সকালে রাজধানীর ফার্মগেটের বিজ্ঞান কলেজের সামনে থেকে তাঁর নেতৃত্বে মিছিলটি শুরু হয়। হোটেল সোনারগাঁও সিগন্যাল ও বাংলামটর সিগন্যাল হয়ে মিছিলটি মগবাজারে গিয়ে শেষ হয়।
ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে এখনও কোনো পদে রাখা হয়নি। মান-অভিমান ভুলে তিনি আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাব থেকে একটি মিছিলে বের করে শাহবাগ, বাংলামটর, মগবাজার হয়ে আবার প্রেস ক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।
সারাদেশ · ২০ নভেম্বর ২০২৬ · অপরাহ্ণ ২:৪৭ · প্রতিবেদক: সারওয়ার বাবর চৌধুরী
আ.লীগ ঠেকাতে একাট্টা বিএনপি
